২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থায় তৈরি হওয়া সেশনজট কাটিয়ে পরীক্ষাগুলোকে ধীরে ধীরে স্বাভাবিক সময়সূচিতে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আয়োজিত শ্রেষ্ঠত্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে গত কয়েক বছরে শিক্ষাবর্ষে যে জটিলতা তৈরি হয়েছে, তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার ধাপে ধাপে উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ কমিয়ে পাঠদান কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, বর্তমানে এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে ভবিষ্যতে সেশনজট পুরোপুরি দূর করে পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
এহছানুল হক মিলন বলেন, “শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে অতিরিক্ত দুই বছর যেন হারিয়ে না যায়, সে বিষয়টি মাথায় রেখেই আমরা পুরো শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে সমন্বয়ের চেষ্টা করছি।”
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬