|
প্রিন্টের সময়কালঃ ০৩ জুন ২০২৬ ০২:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুন ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ

ছুটির দিনেও ভালুকার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা অব্যাহত


ছুটির দিনেও ভালুকার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা অব্যাহত


সাদেকুর রহমান সোহাগ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:



গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ছুটির দিনেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে সরকারি ছুটি, বিশেষ দিবস ও ধর্মীয় উৎসবের সময়েও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা।

 

মঙ্গলবার (২ জুন) ভরাডোবা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রটির পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. আম্বিয়া খাতুন জানান, নিয়মিত চিকিৎসাসেবার পাশাপাশি ছুটির দিনেও জরুরি সেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, গত ২৬ মে মার্জিয়া আক্তার এবং ২৮ মে সাদিয়া আক্তার নামে দুই গর্ভবতী মায়ের সফল নরমাল ডেলিভারি সম্পন্ন করা হয়েছে ভরাডোবা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। এছাড়া ২৯ মে কাচিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা আছমা আক্তার রুপা আক্তারের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।

 


 

ভরাডোবা গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া জানান, তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে তিনি মোবাইল ফোনে আম্বিয়া খাতুনের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শে স্ত্রীকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
 

তিনি আরও বলেন, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে সেবা পাওয়ায় উপজেলা বা জেলা সদর হাসপাতালে যেতে হয়নি। এতে সময়, অর্থ এবং ভোগান্তি—সবই সাশ্রয় হয়েছে।
 

মেদুয়ারী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান বলেন, গ্রামীণ জনগণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মদিবসের পাশাপাশি ছুটির দিনেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা নিষ্ঠার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পর্যায়ে আগত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। ছুটির দিনেও আমাদের কর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান করছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬