আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট করেন। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ২৭ মে ভোরে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব, এসি ব্যবস্থার অপ্রতুলতা এবং অনিয়মিত পরিচালনার বিষয় উঠে আসে।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং গুরুতর অবস্থায় থাকা নবজাতকদের যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি।
তদন্তে নবজাতকদের জন্মের পর শারীরিকভাবে সুস্থ থাকার কথাও উল্লেখ করা হয়। তবে পরবর্তীতে অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা গ্রহণে ঘাটতি ছিল বলে প্রতিবেদনে বলা হয়। একই সঙ্গে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, প্রশাসনিক ত্রুটি ও পর্যবেক্ষণের অভাবও তুলে ধরা হয়।
এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের আইনজীবী শিশির মনির জানান, নিহত নবজাতকদের পরিবারের সদস্যরা আজীবন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি তাদের সন্তানরা মেডিকেল কলেজে বিশেষ বৃত্তিতে পড়াশোনার সুযোগ এবং যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে পারেন বলেও ঘোষণা দেওয়া হয়। তিনি দাবি করেন, ঘটনাটি অনিচ্ছাকৃত অবহেলার ফল এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬