মাধবপুরে সরকারি মালামাল বিক্রির অভিযোগ: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ প্রধান শিক্ষকের
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল মিয়ার বিরুদ্ধে চলতি বছরের ৭ জানুয়ারি বিদ্যালয়ের পুরোনো আসবাবপত্র, সরকারি বইসহ বিভিন্ন মালামাল বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শিক্ষা অধিদপ্তর ও প্রশাসন তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে বিদ্যালয়ের লোহার বেঞ্চ, লোহার ও কাঠের দরজা, টিনের বান্ডিল, সরকারি বই এবং অন্যান্য মূল্যবান সামগ্রী বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
এ ঘটনার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত ৩ মার্চ জারি করা ৩৮.০১৩৬৭১.০০০.০১.০০১.২৫-১৩৩ নম্বর স্মারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
এর প্রায় চার মাস পর, গত ২১ জুন প্রধান শিক্ষক হেলাল মিয়া স্থানীয় সংসদ সদস্যের কাছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে তিনি শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উত্থাপন করেন।
তবে সংশ্লিষ্টদের দাবি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশের পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতেই প্রধান শিক্ষক পাল্টা অভিযোগ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬