ভোট গণনার ফলাফল নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। গণনার শুরু থেকেই ব্যবধান বিজেপির দিকে ঝুঁকে থাকায় পরিস্থিতি নিয়ে সন্দেহ ও অনিয়মের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ফলাফল দেখানোর প্রক্রিয়াতেই কারচুপি করা হচ্ছে। তার অভিযোগ, কিছু নির্দিষ্ট রাউন্ডের ফল আগে দেখানো হচ্ছে এবং কিছু এলাকায় গণনা ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে, যাতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।
মমতা আরও অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে ইভিএম ও গণনা প্রক্রিয়া নিয়েও অসঙ্গতি দেখা গেছে। তাঁর দাবি, কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় চাপ সৃষ্টি করে ভোট গণনা প্রভাবিত করার চেষ্টা চলছে এবং তৃণমূলের প্রাপ্ত অগ্রগতির তথ্য পুরোপুরি প্রকাশ করা হচ্ছে না।
তিনি বলেন, দলের কর্মী ও গণনা এজেন্টদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মমতা জানান, গণনার পরবর্তী ধাপে ছবির পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদী।
সবশেষে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হয়ে শেষ পর্যন্ত ফলাফলের অপেক্ষা করতে। তৃণমূল শক্তভাবে লড়াই চালিয়ে যাবে বলেও তিনি জানান।