ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আরব আমিরাত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ   |   ৩৬ বার পঠিত
ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আরব আমিরাত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছিল ইসরায়েল।

এছাড়া এটি পরিচালনার জন্য দেশটিতে বেশ কয়েকজন সেনাও পাঠিয়েছিল তেলআবিব। কিন্তু ইরানের ভয়াবহ হামলা থেকে ইসরায়েলি ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতকে রক্ষা করতে পারেনি। খবর টাইমস অব ইসরায়েল ও এক্সিওসের।

রবিবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে আয়রন ডোম পাঠানোর ঘটনা এটিই প্রথম।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতের ওপর ক্রমাগত হামলা চালায় তেহরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান দেশটিতে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০-এর বেশি ড্রোন ছুড়েছে।

এর ফলে এই যুদ্ধে ইসরায়েলসহ এই অঞ্চলের অন্য সব দেশের তুলনায় আরব আমিরাতকেই সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু হতে হয়েছে।

পুরো যুদ্ধজুড়ে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। এরই অংশ হিসেবে তারা উপসাগরীয় দেশগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পাশাপাশি ইরান হরমুজ প্রণালিও বন্ধ করে দেয়, যা জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত।