নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহকারী শিক্ষিকার মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহকারী শিক্ষিকার মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

 

রাঙামাটির নানিয়ারচরে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।
 

শনিবার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শতাব্দী চাকমা রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি প্রয়াত রবীচন্দ্র চাকমা ও লক্ষীদেবী চাকমার মেয়ে এবং বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
 

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন শতাব্দী চাকমা। ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় নেমে বিদ্যালয়ে যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশে একটি জামগাছ দেখে কাঁচা বাঁশ দিয়ে ফল পাড়ার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার হাত পুড়ে যায়।
 

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার হাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।