জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ প্রত্যেকটি সাংবিধানিক পথই হলো সংস্কারের মূল কাঠামো। এগুলো সংস্কার করা না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা সেখানে ‘না’ বলেছেন। অথচ জনগণকে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন, আমরা মেনে নেব।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার দাবি করেন, সাম্প্রতিক ভোটের মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষের মতামত প্রতিফলিত হয়েছে এবং সেখানে সরকারের ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর হয়নি। জনগণের রায়কে উপেক্ষা করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, গণভোটের ব্যালটে থাকা চারটি প্রশ্নে কোনো ভিন্নমতের সুযোগ রাখা হয়নি, ফলে গণভোটের ফলাফল পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে। তিনি সরকারকে সংসদ চলমান থাকতেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জুলাইয়ের আন্দোলন ও সহিংসতায় আহত ও শহীদদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ সময় পরও তাদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় তারা কষ্ট পাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, এই দাবিগুলো বাস্তবায়নে বিলম্ব হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।
সমাবেশে তিনি ১১ দলীয় ঐক্যের চলমান কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বিক্ষোভ, মিছিল, সেমিনার ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে দলীয় নেতারা সংসদ ও রাজপথ, দুই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।