ঢাকা প্রেস
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ পর্যালোচনা সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
সভায় অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি ঢাকা প্রেসকে নিশ্চিত করেছেন।