হিজবুল্লাহ সংশ্লিষ্টতা থাকায় ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আমিরাতের নিষেধাজ্ঞা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ মে ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ   |   ৪১ বার পঠিত
হিজবুল্লাহ সংশ্লিষ্টতা থাকায় ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আমিরাতের নিষেধাজ্ঞা

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে ১৬ ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির কর্তৃপক্ষ এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ ঘোষণা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম।

 

নিষেধাজ্ঞার আওতায় থাকা সবাই লেবাননের নাগরিক বা লেবাননভিত্তিক প্রতিষ্ঠান। আমিরাত সরকার জানিয়েছে, তালিকাভুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত শনাক্ত করতে দেশের সব নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ ২৪ ঘণ্টার মধ্যে জব্দ করতে হবে। একই সঙ্গে তাদের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন বা ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

 

 

এর আগে ২০১৬ সালের মার্চে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে হিজবুল্লাহকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল সংযুক্ত আরব আমিরাত। এবার সংগঠনটির অর্থনৈতিক নেটওয়ার্কে চাপ বাড়াতেই নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।