সোমবার সন্ধ্যায় কান্দি খালের নোয়াগাঁও চৌমুহনী থেকে মডার্ন হাসপাতাল পর্যন্ত এলাকায় নির্মিত দুটি বড় কালভার্ট এক্সকাভেটরের মাধ্যমে ভেঙে ফেলা হয়।
কুসিক সূত্র জানায়, কুমিল্লা নগরের অধিকাংশ বৃষ্টির পানি কান্দিরপাড়-মনোহরপুর-নোয়াগাঁও চৌমুহনী হয়ে প্রবাহিত কান্দি খাল দিয়ে শহরের বাইরে নিষ্কাশিত হয়। তবে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে খালের ওপর বিভিন্ন ব্যক্তি মিনি কালভার্ট, কংক্রিটের সেতু এবং স্টিলের ব্রিজ নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নোয়াগাঁও এলাকায় নির্মিত দুটি বড় কালভার্টের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, যা জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরবাসীকে পানিতে ডুবিয়ে রেখে কেউ ইচ্ছেমতো ব্রিজ বা কালভার্ট নির্মাণ করতে পারবে না। যেসব স্থাপনা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে বলে আমরা মনে করেছি, সেগুলো নিজে উপস্থিত থেকে অপসারণ করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।