নির্বাচন ঘিরে ৩৩ ব্যাটালিয়নের ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
নির্বাচন ঘিরে ৩৩ ব্যাটালিয়নের ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের আস্থা অর্জন এবং নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব এলাকায় প্রায় ৭০০ সদস্যের বিজিবি ফোর্স দায়িত্ব পালন করছে।
 

নির্বাচন উপলক্ষে গত ২৯ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট তিন জেলার ২১টি উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৩৩ ব্যাটালিয়নের ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মোতায়েনকৃত বাহিনী নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণের পাশাপাশি নিরাপত্তা জোরদারে কাজ করছে।
 

নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে এ পর্যন্ত ৩৪০টি টহল কার্যক্রম পরিচালনা, ৫০টির বেশি যৌথ অপারেশন এবং ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে জনসচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে বিজিবি।
 

নিরাপত্তা কার্যক্রম জোরদারে নিজস্ব অস্ত্রের পাশাপাশি হুমকি প্রতিরোধে ড্রোন, ডগ স্কোয়াড, বডি-ওর্ন ক্যামেরা, বুলেটপ্রুফ জ্যাকেট, আধুনিক রায়ট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বিস্তার রোধ এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্ন টহল অব্যাহত রেখেছেন।
 

বিজিবির দায়িত্ব পালনকালে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা থেকে ৩৫ জন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি সহায়তা প্রদান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।