মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৪ অপরাহ্ণ   |   ২৭ বার পঠিত
মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি—


নির্বাচনে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট ভোটকেন্দ্র নয়, পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

তিনি জানান, আগের নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন তিনি।
 

আসন্ন নির্বাচনকে পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের সুযোগ উল্লেখ করে বাহারুল আলম বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সারাদেশে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও নিয়োজিত থাকবেন।
 

আইজিপি আরও জানান, এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওয়ার্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।
 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিচ্ছিন্ন সহিংস ঘটনা ঘটেছে। গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩১৭টি সহিংস ঘটনায় ৫ জন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন।