মোঃ ওসমান গনি, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আইয়ুব আলী (বয়স অজ্ঞাত) কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় জনতা দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাজারহাট থানার কর্মকর্তা মামুনুর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।