সৌদি রাষ্ট্রদূতের সাথে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ   |   ২৮ বার পঠিত
সৌদি রাষ্ট্রদূতের সাথে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দক্ষ জনশক্তি রপ্তানি, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’ ব্যবহারের মাধ্যমে প্রবাসীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি দক্ষ কর্মীদের একটি ডিজিটাল ডাটাবেজ বা ‘কোয়ালিফাইড ট্যালেন্ট ব্যাংক’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন, যা নিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করবে। এছাড়া বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে সৌদি আরবের মানদণ্ড অনুযায়ী আধুনিকায়নের প্রস্তাব দেওয়া হয়।

মন্ত্রী স্পষ্ট করেন যে, জনশক্তি নিয়োগে যেকোনো ধরনের অবৈধ লেনদেন বা কর্মী হয়রানির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি সৌদি আরবে ‘হোয়াইট কলার’ চাকরিতেও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। অন্যদিকে, মন্ত্রণালয়ের সচিব আকামা ফি কমানো এবং প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন।

সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, অনিয়মকারী ৯৯০টি রিক্রুটিং এজেন্সিকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। তিনি কর্মীদের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির প্রস্তাব দেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সংখ্যা বাড়িয়ে ৫০০ তে উন্নীত করার আশ্বাস দেন। এছাড়া তিনি সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে মন্ত্রী রাষ্ট্রদূতকে সিলেট ভ্রমণের আমন্ত্রণ জানান এবং সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সৌদি দূতাবাসের কনসুল্যার আব্দুল্লাহ আল-হারবিসহ পদস্থ কর্মকর্তারা।