সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যেই মুরাদনগর সাব-রেজিস্ট্রার প্রত্যাহার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যেই মুরাদনগর সাব-রেজিস্ট্রার প্রত্যাহার

বিল্লাল হোসাইন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


 

কুমিল্লার মুরাদনগর উপজেলা সাব-রেজিস্ট্রার রৌশন সাদিয়াকে প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে মুরাদনগর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরিয়ে দেওয়া হয়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহমেদ সাব-রেজিস্ট্রার রৌশন সাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে সোমবার বিকেলে সাংবাদিক জালাল আহমেদ জমির একটি রেজিস্ট্রি কাজের জন্য উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
 

অভিযোগ রয়েছে, এ সময় সাব-রেজিস্ট্রার তার অধীনস্থ দলিল লেখকদের একত্রিত করেন এবং প্রায় দুই ঘণ্টা দলিল রেজিস্ট্রির কার্যক্রম বন্ধ রাখেন। একই সঙ্গে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগ ওঠে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
 

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি জেলা রেজিস্ট্রার ও আইজিআর (ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন) বরাবর লিখিতভাবে জানানো হয়। অভিযোগে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
 

অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে মঙ্গলবার আইজিআরের নির্দেশে রৌশন সাদিয়াকে মুরাদনগর উপজেলা থেকে প্রত্যাহার করে কুমিল্লার গুনবতী সাব-রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
 

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 

স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগের পর দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ইতিবাচক বার্তা দিয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরে সেবাপ্রার্থীদের সঙ্গে শালীন ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।