
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যৌথবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মুরাদনগর উপজেলার প্রায় ৮টি ইউনিয়নে এ যৌথ পেট্রোলিং কার্যক্রম পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।

টহল চলাকালে আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর এলাকায় জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ০৬ (গ) ও (ঘ) লঙ্ঘনের দায়ে মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে বিধি ২৭ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া টহল কার্যক্রমের অংশ হিসেবে নহল চৌমুহনী, মুরাদনগর বাজার, কোম্পানিগঞ্জ বাজার, বাঙ্গরা বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা হয় এবং নির্বাচনকালীন সময়ে সকলকে সহিষ্ণুতা ও শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ পেট্রোলিং কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানটি পরিচালনা করেন সাকিব হাছান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুরাদনগর, কুমিল্লা।