সীতাকুণ্ডে ট্রাকচাপায় শিপইয়ার্ড শ্রমিক নিহত, অনাহারে দিন কাটছে পরিবারের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১১ অপরাহ্ণ   |   ৭৪ বার পঠিত
সীতাকুণ্ডে ট্রাকচাপায় শিপইয়ার্ড শ্রমিক নিহত, অনাহারে দিন কাটছে পরিবারের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মো. আবু তাহের (৫৮) নামে এক শিপইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি শিপইয়ার্ডে ফিটার হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে চরম মানবেতর অবস্থায় দিন কাটছে তার স্বজনদের। তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

 

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে শীতলপুরের রাজা কাসেম উচ্চ বিদ্যালয়ের সামনে ওয়ান ব্যাংকের নিকটে মহাসড়ক পার হচ্ছিলেন আবু তাহের। এ সময় চট্টগ্রামমুখী লেনে ঢাকা মেট্রো-ট-২৪-৪০৯৪ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।

 

ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের রিপোর্টে ঘটনাটি “Brought Dead, H/O RTA (Road Traffic Accident)” হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় নিহতের জামাতা মো. নাজিম উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করেছে, তবে চালক এখনও পলাতক। মামলাটি সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১০৫ ধারায় রুজু করা হয়েছে।

 

পুলিশ জানায়, চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। সুরতহাল রিপোর্ট শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে এবং সরকারি ও মানবিক সহায়তার দাবি জানিয়েছে।