অল্প বয়সে বিয়ে ও মাতৃত্ব, তবুও বলিউড-টালিউডে শীর্ষ নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মে ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ণ   |   ১১ বার পঠিত
অল্প বয়সে বিয়ে ও মাতৃত্ব, তবুও বলিউড-টালিউডে শীর্ষ নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক

 

ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা রয়েছে—নায়ক বা নায়িকার বিয়ে হলে ক্যারিয়ারে ভাটা পড়ে। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন বহু শিল্পী। তাদেরই একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মাত্র ১৫ বছর বয়সে বিয়ে এবং ১৭ বছর বয়সে মা হওয়ার পরও অভিনয় জগতে নিজের অবস্থান শক্তভাবে গড়ে তুলেছিলেন তিনি।
 

এক সাক্ষাৎকারে মৌসুমী চট্টোপাধ্যায় জানান, পরিচালক তরুণ মজুমদার পরিচালিত ‘বালিকা বধু’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। সেই সময়ই কিংবদন্তি সংগীত পরিচালক হেমন্ত মুখার্জির পরিবারের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে প্রযোজক জয়ন্ত মুখার্জির সঙ্গে তার বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তখন তিনি দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
 

অভিনেত্রীর ভাষ্য, তার ফুপু ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন এবং মৃত্যুর আগে তার বিয়ে দেখে যেতে চেয়েছিলেন। সেই কারণেই অল্প সময়ের মধ্যেই বিয়ে সম্পন্ন হয়।
 

বিয়ের পর মুম্বাইয়ে নতুন জীবন শুরু করেন মৌসুমী। কিশোরী বয়সে সংসার জীবনে প্রবেশ করলেও অভিনয়ের প্রতি আগ্রহ হারাননি। মাত্র ১৭ বছর বয়সে মা হওয়ার পরও ধীরে ধীরে বলিউড ও বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি।
 

১৯৭০ ও ৮০–এর দশকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন মৌসুমী চট্টোপাধ্যায়। তিনি অভিনয় করেছেন রাজেশ খান্না, শশী কাপুর, জীতেন্দ্র, সঞ্জীব কুমার, বিনোদ মেহ্‌রা এবং অমিতাভ বচ্চনর মতো তারকাদের বিপরীতে।
 

তার উল্লেখযোগ্য বলিউড সিনেমার মধ্যে রয়েছে ‘নাইনা’, ‘আনসার’, ‘হামসাকাল’, ‘বেনাম’ এবং ‘রোটি কাপড়া অউর মকান’। বিশেষভাবে অভিনেতা বিনোদ মেহ্‌রার সঙ্গে জুটি বেঁধে টানা ১৪টি সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।
 

অন্যদিকে বাংলা চলচ্চিত্রেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। প্রধান অভিনেত্রী হিসেবে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বালিকা বধু’, ‘পরিণীতা’, ‘অনিন্দিতা’, ‘আনন্দ আশ্রম’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘প্রার্থনা’, ‘শতরূপা’ ও ‘কড়ি দিয়ে কিনলাম’। এছাড়া সহ-অভিনেত্রী হিসেবেও ‘নাটের গুরু’, ‘ভালোবাসার অনেক নাম’, ‘গোলাপী এখন বিলেতে’, ‘দ্য জাপানিজ ওয়াইফ’, ‘গয়নার বাক্স’, ‘আড়ি’ ও ‘পিকু’ সিনেমায় প্রশংসিত হন তিনি।
 

সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের অল্প বয়সের নানা বাস্তবতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে নিজের প্রতিভা ও অভিনয় দক্ষতায় ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন সফলতা ধরে রেখেছেন মৌসুমী চট্টোপাধ্যায়।