১০ দিনের রিমান্ডে নজরুল ইসলাম মজুমদার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১ অপরাহ্ণ   |   ৩২৯ বার পঠিত
১০ দিনের রিমান্ডে নজরুল ইসলাম মজুমদার

ঢাকা প্রেস নিউজ

 

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা দু’টি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়।
 

বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।
 

রিমান্ডের পক্ষে শুনানি করেন পিপি ওমর ফারুক ফারুকী, আর আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আজহারুল ইসলাম দুটি হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের প্রতি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

এর আগে, ২ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।