মুরাদনগরে যৌথ অভিযানে ‘কালা ফারুক’সহ তিনজনের কারাদণ্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৬ ০৬:২৯ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
মুরাদনগরে যৌথ অভিযানে ‘কালা ফারুক’সহ তিনজনের কারাদণ্ড

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ



কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত কালা ফারুকসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

 

 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারসংলগ্ন পৈইয়াপাথর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের মহরম আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩৮), ওরফে ‘কালা ফারুক’কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ১২টি মামলা রয়েছে।
 

এদিকে, একই রাতে মুরাদনগর সদর এলাকার মধ্যপাড়া ও মধ্যনগর গ্রামে পৃথক অভিযানে হাজী আঃ রশিদের ছেলে মো. হোসাইন (২৮) এবং মৃত ফরিদ মিয়ার ছেলে মো. শাহ আলম (৪৫)-কে মাদক সেবনের সময় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী। অভিযানে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, এসআই রুহুল আমিনসহ পুলিশের একাধিক দল অংশ নেয়।
 

ইউএনও এবিএম সারোয়ার রাব্বী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের শাস্তি দেওয়া হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চালানো হচ্ছে এবং মুরাদনগরকে অপরাধমুক্ত করতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।