মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলার পর্দার রসায়ন দর্শকদের কাছে আগে থেকেই পরিচিত। এর আগে তাঁরা একসঙ্গে ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামি’, ‘ফিটফাট বাবু’ ও ‘বউ পাগল জামাই’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। নতুন নাটকটি নিয়েও আশাবাদী নীলা।
নাটকটি প্রসঙ্গে পরিচালক সরদার রোকন বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পাই। নতুন নাটকে মোশাররফ করিমের পাশাপাশি নীলাঞ্জনা নীলাও ভালো অভিনয় করেছেন। গল্প ও অভিনয় মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
নাটকে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে মোশাররফ করিম বলেন, ‘সরদার রোকন যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। গল্পটি অন্যরকম। নীলাও আগের চেয়ে ভালো অভিনয়ের চেষ্টা করেছে। বরাবরের মতো আমাদের পর্দার রসায়ন দর্শকের ভালো লাগবে—এ আশা করাই যায়।’
অন্যদিকে, মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, ‘নন্দিত অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে শুরুতে অভিনয় করতে কিছুটা ভয় কাজ করত। তবে একসঙ্গে একাধিক নাটকে কাজ করতে গিয়ে বিষয়টি এখন উপভোগ করছি। তাঁর সঙ্গে কাজের মধ্য দিয়ে অভিনয় সম্পর্কে শেখার সুযোগও হয়।’
উল্লেখ্য, এর আগে সরদার রোকনের পরিচালনায় মোশাররফ করিম ‘ভাঙ্গারির বউ রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকে অভিনয় করেছেন। নতুন নাটক ‘জামাই মানে যন্ত্র-না’য় পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন ও হাস্যরসাত্মক ঘটনা তুলে ধরা হয়েছে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, গল্প ও অভিনয়ের সমন্বয়ে নাটকটি দর্শকদের বিনোদন দেবে।