জামায়াতের মিছিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ, নারীসহ আহত ২৫

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৩ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
জামায়াতের মিছিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ, নারীসহ আহত ২৫

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি মিছিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াত।
 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরের দিকে প্রথমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার প্রতিবাদে পরে বাউফল শহরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর পরপরই দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 

সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

জামায়াতের অভিযোগে আরও বলা হয়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা একটি নির্বাচনি মিছিল বের করলে তাদের ওপর হামলা চালানো হয়।
 

তবে বিএনপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ উঠেছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ধানের শীষের কর্মী দেলোয়ার হোসেন বলেন, “ভান্ডারিয়া বাজার এলাকায় আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় জামায়াতের কর্মী-সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এতে আমি নিজে ও আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হই।”
 

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

এছাড়া বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমানের মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
 

এদিকে, ঘটনার পর বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদার।