রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ স্বামী–স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) মো. আকবর হোসেন ও এএসআই মো. আল আমিনের নেতৃত্বে একটি দল পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান চালায়। রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা (দক্ষিণ পাড়া) এলাকার বাবুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঘর তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—মো. বাবুল মিয়া (৪৮), পিরোজপুর জেলার মৃত হামিদ মিয়ার ছেলে (বর্তমানে চাপিতলা এলাকায় বসবাসরত); তার স্ত্রী জোসনা বেগম (৪৫); এবং একই এলাকার শিশু মিয়ার ছেলে মো. আব্দুল আলীম (৩৬)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা গাঁজা থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঙ্গরা বাজার থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।