ঝিনাইদহ-৩ আসনে ২৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ণ   |   ৬৪ বার পঠিত
ঝিনাইদহ-৩ আসনে ২৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহ-৩ সংসদীয় আসনে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। কোটচাঁদপুর ও মহেশপুর—এই দুই উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ১৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এসব কেন্দ্রে সিসি ক্যামেরাসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহ্লাদ রায় জানান, ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৪৭০ জন, নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এসব ভোটার ১৬৬টি কেন্দ্রের ৭৭৯টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহেশপুর উপজেলায় ১১২টি এবং কোটচাঁদপুর উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্র রয়েছে।
 

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, “নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কোটচাঁদপুরে ১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগামীতেও তা বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
 

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তার জানান, মহেশপুর উপজেলার ১১২টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে তারকাঁটার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
 

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখা হবে।