কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ডে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভা হলরুমে এই সংলাপের আয়োজন করা হয়। ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) সীতাকুণ্ড কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
পিএফজি অ্যাম্বাসেডর শামসুল আলম আজাদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সরোয়ার, গীতা পাঠ করেন রূপক চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন কাকলি বড়ুয়া।
স্বাগত বক্তব্যে দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মাইনুল ইসলাম সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
মাওলানা আবুল হাশেম, সুপার, মুরাদপুর মাদ্রাসা
হাফেজ শাহাদাত হোসেন, ইমাম, স্টেশন জামে মসজিদ
কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব
সঞ্জয় চৌধুরী, সাংবাদিক
এম ও এইচ কাইয়ুম, শামীমা লাভলী, মাসুদা খায়ের ও জসীম উদ্দীন, পিএফজি অ্যাম্বাসেডর
তপন মজুমদার, সভাপতি, খেলাঘর সীতাকুণ্ড
সুজিত পাল ও কাকলি বড়ুয়া
সংলাপে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে মসজিদ, মন্দির ও প্যাগোডার ধর্মীয় নেতাদের ভূমিকা অপরিসীম। তারা নিজ নিজ উপাসনালয় থেকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ধর্মের ভুল ব্যাখ্যা প্রতিরোধ করা এবং যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে ধৈর্য ধারণের ওপর জোর দেন।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিটি ধর্মেই সকল মত ও পথের মানুষের সঙ্গে মিলেমিশে ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্পষ্ট নির্দেশ রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও গুজব প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করার দাবি জানান তারা।