ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আরও ২ দিনের রিমান্ডে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৪:৩৫ অপরাহ্ণ   |   ১৮৫ বার পঠিত
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আরও ২ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস

 

 

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
 

এর আগে প্রথম দফায় চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল একই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আফজাল নাছেরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
 

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

মামলার অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর আজমপুর এলাকায় আন্দোলন চলাকালে ছাত্র-জনতার একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।