চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে পরিচালিত এক অভিযানে তাকে আরও তিন সহযোগীসহ আটক করা হয়। পরে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম জেলা পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিকরগাছার ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। সেখান থেকেই ডেভিড ইমনকে আটক করা হয়।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান, বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্থানীয় কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন জানিয়েছেন, তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পরই ডেভিড ইমন ও তার সহযোগীদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এর আগে গত রোববার চট্টগ্রাম মহানগর পুলিশের অভিযানে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে প্রায় ২ কোটি টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে তার বাহিনীর সদস্যরা প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুর চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।