মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলমান এইচএসসি (বিএমটি) পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির ‘ব্যবসায় গণিত ও পরিসংখ্যান’ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী উপজেলার মির্জা কবির টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করছিল। এ সময় কেন্দ্র পরিদর্শনে যান তদারকি কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন। তাকে দেখে শিক্ষার্থী মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করলে রহুল আমিন তাকে হাতেনাতে আটক করেন। পরে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।
মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার নিয়ম লঙ্ঘন করেছিল। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।