গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাবেক সদস্য লোকমান মেম্বার (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী চৌমাথা মোড়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহম্মদ জানান, গুরুতর হৃদরোগে আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে নেওয়ার পথে হাসপাতালের সামনেই তিনি মারা যান।
মৃত লোকমান মেম্বার উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।