রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত ‘ইনসাফের যাত্রা’ শীর্ষক জনসভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজের পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত এক মাস ধরে একটি রাজনৈতিক দল প্রকাশ্যে নারীদের হিজাব, বোরখা ও শালীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ক্ষমতায় গেলে দেশের নারীসমাজের সম্মান ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। একই সঙ্গে দেশ আবারও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্বে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভোটকেন্দ্র দখলের প্রসঙ্গ তুলে এনসিপির এ নেতা বলেন, যারা তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তাদের এ সুযোগ আর দেওয়া হবে না। ভোটাধিকার হরণ করতে এলে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিহত করা হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, চব্বিশের গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান এবং বিচার বিভাগ, পুলিশ ও সিভিল প্রশাসনের সংস্কারের দাবি উঠেছিল। তবে আজও এসব সংস্কার বাস্তবায়ন হয়নি। যারা অতীতে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আঁতাত করে দেশ লুটপাট ও টাকা পাচারে জড়িত ছিল, তারা আবারও ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তরুণদের ব্যর্থ প্রমাণ করতে চায়। পুরোনো রাজনৈতিক গোষ্ঠী, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের পাশাপাশি বিদেশি শক্তিও তরুণদের উত্থান চায় না। এই লড়াইয়ে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এসব ঘটনার কারণে প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। জনগণের কাতারে দাঁড়িয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এ নেতা। তিনি বলেন, দালাল মালিকানাধীন কিছু গণমাধ্যম সত্য সংবাদ প্রচার করতে দেয় না। দালালি পরিহার করে জনগণের পক্ষে সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, সরকার পতনের পর ৫ আগস্টের পর থেকে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ বলেন, টেন্ডারবাজ, বালুখেকো ও দুর্নীতিবাজদের শাহজাদপুরের জনগণ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে।
জনসভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।