অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভিযোগে আলোচনায় গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০১:০৭ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভিযোগে আলোচনায় গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’

গোপালগঞ্জ প্রতিনিধি:


গোপালগঞ্জ শহরের পাথালিয়া এলাকায় অবস্থিত ‘পিঠা গার্ডেন’ নামের একটি রেস্টুরেন্টকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–খুলনা মহাসড়কের পাশে অবস্থিত রেস্টুরেন্টটি বাইরে থেকে আকর্ষণীয় ও সুসজ্জিত। খাবারের পাশাপাশি সেখানে আবাসিক সুবিধাও রয়েছে। তবে অভিযোগ উঠেছে, এই আবাসিক ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবন চলছে।

অভিযোগ অনুযায়ী, রেস্টুরেন্টটির কয়েকটি কক্ষে অবৈধভাবে আবাসিক কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানে দেহব্যবসা ও মাদক সেবন–কেনাবেচার ঘটনাও ঘটে বলে দাবি স্থানীয়দের। কিছু ক্ষেত্রে কিশোর ও অপ্রাপ্তবয়স্কদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে, যা নিয়ে অভিভাবক মহলে উদ্বেগ বাড়ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রায় প্রতিদিনই সেখানে সন্দেহজনক যাতায়াত দেখা যায়। এতে এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টের ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের উপস্থিতি রয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অনেকে দ্রুত স্থান ত্যাগ করেন, যা সন্দেহকে আরও বাড়িয়ে তোলে।

এদিকে রেস্টুরেন্টটিতে বর্তমানে সংস্কার কাজ চলতে দেখা গেছে। স্থানীয়দের প্রশ্ন, এটি ব্যবসা সম্প্রসারণের অংশ, নাকি বিতর্ক এড়াতে নতুন কৌশল—তা নিয়ে নানা আলোচনা চলছে।

অভিযোগের বিষয়ে রেস্টুরেন্টের মালিক ফারুক হোসেন বলেন, “আমরা মূলত রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করি। কেউ ব্যক্তিগতভাবে অনৈতিক কাজে জড়ালে তা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না।”

স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত জরুরি। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।