সরকার গঠনের পর প্রথমবারের মতো আজ সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে আকাশপথে যশোর পৌঁছে তিনি দিনের কর্মসূচি শুরু করবেন। সফরের শুরুতেই শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন।
পরে বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
উলশী খালটি যশোর অঞ্চলের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খালটি খনন করা হয়েছিল, যা স্থানীয় কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে পড়ায় বর্তমানে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট শিক্ষা ও লাইব্রেরি কার্যক্রম এই অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষাখাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর আজ রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।