বুধবার দুপুরে চরকির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২১ মে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাবে ‘দম’। ফলে দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘দম’। সিনেমাটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’।
রেদওয়ান রনি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। মুক্তির পর দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে সিনেমাটি। নির্মাণশৈলী ও গল্প বলার ধরন নিয়েও প্রশংসা কুড়িয়েছে ‘দম’।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বলেন, “‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। দেশের পাশাপাশি বিদেশে থাকা দর্শকরাও এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসে ‘দম’ উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।”
এদিকে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “‘দম’ বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া পাচ্ছি। প্রতিটি সিনেমায় নতুন কিছু করার চেষ্টা থাকে আমাদের। এবার ওটিটির মাধ্যমে আরও বেশি দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাবেন। প্রেক্ষাগৃহ বা দেশের সীমাবদ্ধতা ছাড়াই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা ‘দম’ উপভোগ করতে পারবেন।”