মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি বিএনপির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩১ অপরাহ্ণ   |   ৬৩ বার পঠিত
মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি বিএনপির

বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তিনি বলেন, নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী হওয়ায় রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা অপরিহার্য।
 

রোববার (গতকাল) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবাবিষয়ক এক আলোচনা সভা ও চা চক্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচএস ও নিকেতন উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

বিএনপি নির্বাচিত হলে নারীদের ক্ষমতায়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে জোবাইদা রহমান বলেন, নারীদের সহায়তায় ‘নারী সাপোর্ট সেল’ গঠন করা হবে। উদ্যোক্তা নারীদের আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব চ্যালেঞ্জের টেকসই সমাধান সম্ভব।
 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, স্থপতি ও পাইলট ক্যাপ্টেন ইয়াসমিন, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এবং বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নায়লা জামান।
 

এ ছাড়া বিভিন্ন সোসাইটির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন উদ্যোক্তা শায়লা রহমান, তারকা শেফ আল্পনা হাবিব, নারী উদ্যোক্তা ও সমাজকর্মী জেবুন নাহার মঈন, নাজমা ইসলাম, সারজানা সুলতানা, সিমিন এম আখতার, নাজনীন আকবর হক, সৈয়দা শাহরিয়া সামাদ ও ফরিদা ইয়াসমিন।