সিলেট প্রতিনিধি:
তারেক রহমানের আসন্ন সিলেট সফর উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, দেশকে সুখী-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামী ২ মে তিনি সিলেট সফরে আসবেন এবং একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, সিলেট তারেক রহমানের রাজনৈতিক ঘাঁটি এবং বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকা ধানের শীষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানকে সিলেটে স্বাগত জানাতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানান।
অন্যদিকে, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেংগাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানের শিশুরাই আগামীর বাংলাদেশের নাবিক, তাই তাদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে।
ফিনল্যান্ড প্রবাসী সাহিদুর রহমান সুমন ও আতিকুর রহমান মোহনের পরিবারের উদ্যোগে গঠিত ‘জলিল অ্যান্ড আফিয়া স্মৃতি ফাউন্ডেশন’-এর আয়োজনে শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল করিম।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমেদ ফয়ছলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফাত্তাহ বকসি এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুল ইসলাম তাজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান এবং কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাসিত আরিফ।
পরে শনিবার দুপুরে হেতিমগঞ্জের বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসায় এক দোয়া মাহফিলে অংশ নেন এমপি এমরান আহমদ চৌধুরী।