সিলেট টেস্টের চতুর্থ দিনে পাহাড়সম লক্ষ্য মাথায় নিয়ে গতকাল চতুর্থ ইনিংস শুরু করেছিল পাকিস্তান। ৪৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৬২ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল—চতুর্থ দিনেই জয় নিয়ে মাঠ ছাড়বে টাইগাররা। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা দুই জন মিলে গড়েন ১৩৪ রানের জুটি। যে জুটি কিছুটা হলেও ভয় ঢুকিয়ে দিয়েছিল টাইগার শিবিরে।
তবে শেষ বিকেলে তাইজুল সেই ভয় দূর করে এনে দেন স্বস্তি। তীব্র গরমেও এই টাইগার স্পিনারের ঘূর্ণিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন টাইগার সমর্থকরা। ফলে চতুর্থ দিনে টাইগারদের জয় কেবলই ছিল সময়ের অপেক্ষা। দিনের শুরুতে টাইগার বোলারদের তোপে ৩৫৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাতে ৭৮ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ পেল ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ। অর্থাৎ পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল টাইগাররা।
আর এই জয়ের মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটে ঘরের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজ হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০। পাকিস্তান: ২৩২ ও ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৬/১২০, নাহিদ ২/৭১, মিরাজ ১/৬২)। ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী। সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।