দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি প্রধান গেট এবং এর আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সম্প্রতি একটি অফিস আদেশ জারি করে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। আদেশে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষর করেন।
নির্দেশনায় বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব প্রতিষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ অবকাঠামো, মূল্যবান যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদ সংরক্ষিত রয়েছে।
অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশদ্বার বা পকেট গেট খোলা থাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে, যা সামগ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এ পরিস্থিতিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশ ও বের হওয়ার জন্য শুধুমাত্র একটি প্রধান গেট নির্ধারিত সময়ে খোলা রাখা হবে। অন্য সব প্রবেশপথ নিয়ন্ত্রিত রাখতে হবে।
এ ছাড়া প্রধান গেট ও সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত ফুটেজ পর্যালোচনার নির্দেশও দেওয়া হয়েছে।
অফিস আদেশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত নির্দেশনাগুলো বাস্তবায়ন এবং সে বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানানো হয়েছে।