পটিয়া ও চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবি, মানবিক বিবেচনার আহ্বান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ণ   |   ১১৮ বার পঠিত
পটিয়া ও চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবি, মানবিক বিবেচনার আহ্বান

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম: 

 

ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে মানবিক ও ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পটিয়া ও চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত ব্যাংকাররা। তাঁদের দাবি, চাকরি হারানোর কারণে শত শত পরিবার বর্তমানে চরম আর্থিক ও সামাজিক সংকটের মধ্যে দিন পার করছে।
 

চাকরিচ্যুত ব্যাংকারদের অভিযোগ, বিভিন্ন সময়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বহু কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়েছেন। এতে পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ, সন্তানদের লেখাপড়ার খরচ এবং অসুস্থ বাবা-মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে তারা দাবি করেন।
 

তাঁদের ভাষ্য, চাকরি হারানোর পাশাপাশি মানসিক চাপও বেড়েছে। দীর্ঘদিন ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নতুন কর্মসংস্থান পাওয়া কঠিন হয়ে পড়েছে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক চাপ তাঁদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে বলেও অভিযোগ করেন তারা।
 

চাকরিচ্যুত কর্মকর্তারা মনে করেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষ, স্বচ্ছ ও ন্যায়সংগত তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়ে থাকলে তাঁদের পুনর্বহালের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তারা দাবি জানান।
 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এবং সরকারের প্রতি তারা আহ্বান জানিয়ে বলেন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে যেখানে প্রয়োজন সেখানে পুনর্বহালের উদ্যোগ গ্রহণ করা হোক। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট লাঘবের পাশাপাশি ব্যাংকিং খাতে ন্যায়বিচার ও সুশাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
 

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ বা বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।