সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিন্দী নদী সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহতরা হলেন উপজেলার শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮) এবং গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২)। তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মহিউদ্দিনের ভাই ইশারাত আলী জানান, কয়েক মাস আগে কাজের সন্ধানে মহিউদ্দিন ও শাহীন ভারতে যান। কলকাতা হয়ে তারা তামিলনাড়ুতে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ঈদ উপলক্ষে দেশে ফেরার উদ্দেশ্যে বুধবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
তিনি আরও জানান, সকালে একটি অচেনা নম্বর থেকে ফোন পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধারের বিষয়ে জানতে পারেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহিনের এক স্বজন জানান, কয়েক মাস আগে এক দালালের মাধ্যমে শাহীন ভারতে যান। দীর্ঘদিন ধরে দেশে ফেরার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বুধবার রাতে বসন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে শাহিনের ডান হাতে এবং মহিউদ্দিনের বুকের বাম পাশে গুলি লাগে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, ভোরে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তারা বিএসএফের গুলির শিকার হয়েছেন। তবে ঘটনাটি ঠিক কোন সীমান্ত এলাকায় ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নীলডুমুর-১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শারিয়ার জানান, বাঁশঝাড়িয়া সীমান্তে এ ধরনের কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই। ঘটনাস্থল নির্ধারণে অনুসন্ধান চলছে।
অন্যদিকে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, আহত দুই ব্যক্তি ঠিক কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।